মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইনে খুলনার পাইকগাছার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ নেটজাল ও প্রায় দুই লাখ পার্শে মাছের পোনা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলার সোলাদানা, লতা ও দেলুটি ইউনিয়নের প্রবাহিত শিবসা, দেলুটি ও ভদ্রা নদীতে অভিযান চালিয়ে এসব পোনা ও জাল জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অভিযান চলাকালে তিনটি অবৈধ নেটজাল ও আনুমানিক দুই লাখ পার্শে মাছের পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানে বাংলাদেশ নৌ-পুলিশ পাইকগাছার সহযোগিতায় রণধীর সরকার, নৌ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ‘মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল যেমন— বেহুন্দি, কারেন্ট, মশারি, চটজাল, পাই জাল ও টং জাল অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।



