নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় বসবাসকারী গার্মেন্টস কর্মী সালমা হত্যা মামলার প্রধান আসামি মফিদুল ইসলামকে (৫৮) নীলা ইসলাম (৩২) নামের এক নারীসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সোনারগাঁ থানার মদনপুরের ইস্ট টাউন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মফিদুল সোনারগাঁ উপজেলার বিষ্ণাদী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও নীলা সোনারগাঁ থানার ভট্টপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
গ্রেফতারের পর তাদের নারী ও শিশু নির্যাতন আইনে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতায় বসবাস করছে মফিদুল। এসময় বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার পাশাপাশি একাধিক নারীর সাথে পরকীয়া করে আসছেন তিনি। মফিদুল বিয়ের প্রলোভন দেখিয়ে মাদারীপুর জেলার চরফকিরা গ্রামের খালেক মিয়ার মেয়ে ও রূপগঞ্জের সিনহা গার্মেন্টস কর্মী সালমা আক্তারকে (২৭) ধর্ষণের পর শ্বাসরোধে করে হত্যা করে। পরে তারাবো পৌরসভার পদ্মা টেক্সটাইলের পরিত্যক্ত জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মফিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, আসামিদের গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



