শ্রেষ্ঠ শিক্ষক তিনি, যিনি সবচেয়ে কঠিন বিষয়টিকে শিক্ষার্থীদের মাঝে সহজভাবে উপস্থাপন করতে পারেন বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোহাম্মদ রেজা-উন-নবী।
রোববার (১৫ মার্চ) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষকদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষককে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। যাতে শিক্ষকদের নিকট শিক্ষার্থীরা ভরসা রাখতে পারে।’
শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকের বাহিরেও লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ এবং আগ্রহ বাড়াতে সৃজনশীল উদ্যোগ নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় শিক্ষা ছাড়াও উপজেলার কৃষি, স্বাস্থ্য, চিকিৎসা, প্রাণীসম্পদ, খাদ্য, মৎস্য, যোগাযোগ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের বিষয়াদি নিয়ে মুখামুখি আলোচনা করেন বিভাগীয় কমিশনার।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।



