লালমনিরহাটে চোরাই ইজিবাইক উদ্ধার এবং অটোচোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পৃথক অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সদর উপজেলার শহীদ শাহজাহান কলোনি ও কুলাঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। প্রথমে শহীদ শাহজাহান কলোনি এলাকা থেকে সুভাষ চন্দ্র রায় (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কুলাঘাট বাজারের ‘শুভ অটো সেন্টার’-এ অভিযান চালিয়ে চারটি চোরাই ইজিবাইক ও বেশ কিছু যন্ত্রাংশ জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক সুকুমার রায় পালিয়ে যান।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির বলেন, ‘উদ্ধার করা পাঁচটি ইজিবাইকের আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। চক্রটির সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’



