চাটাইয়ে বসে ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে জাইমা রহমান

ব্র্যাক কর্মকর্তারা জাইমা রহমানকে ব্র্যাকের উদ্যোগে গ্রাম-গঞ্জে দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে এবং জীবনমান উন্নয়নে নানামুখী প্রকল্প ও কর্মসূচি অবহিত করেন।

সাইফুল মাহমুদ, ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
চাটাইয়ে বসে ভুক্তভোগীদের সাথে উঠান বৈঠকে মতবিনিময় করছেন জাইমা রহমান
চাটাইয়ে বসে ভুক্তভোগীদের সাথে উঠান বৈঠকে মতবিনিময় করছেন জাইমা রহমান |নয়া দিগন্ত

তৃণমূল দরিদ্র মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে ব্র্যাকের নানামুখি উদ্যোগ ও প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে ওই প্রকল্প পরিদর্শন করতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপস্থিত হন তিনি।

সেখানে উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাকের প্রথা অনুযায়ী তিনি চাটাইয়ে বসে ভুক্তভোগীদের সাথে উঠান বৈঠকে মতবিনিময় করেন।

তিনি একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের টিমের বক্তব্য শুনেন এবং ব্র্যাকের পরিকল্পনার কথাও অবহিত হন।

এসময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক কর্মকর্তারা জাইমা রহমানকে ব্র্যাকের উদ্যোগে গ্রাম-গঞ্জে দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে এবং জীবনমান উন্নয়নে নানামুখী প্রকল্প ও কর্মসূচি অবহিত করেন।

ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা সম্পর্কে জাইমা রহমানকে বিস্তারিত অবহিত করেন।

সম্পদ স্থানান্তর (যেমন : গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে ওঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলদ্ধি করার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে এমন পরিদর্শন কার্যক্রমে দারিদ্র্য বিমোচন উদ্যোগকে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে জেলা ও উপজেলা বিএনপির সদস্য মো: আব্দুল করিম সরকার জানান, ব্যারিস্টার জাইমা রহমানের সাথে দেখা এবং কথা হয়েছে। তিনি সবার কথাই শুনেছেন।

পরে তিনি ভালুকা ও ত্রিশালে ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন করেন। জাইমা রহমানের পরিদর্শনের খবর কোনো মিডিয়াকে অবহিত করা হয়নি।

স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে তিনি কোনো বক্তব্য দেননি।