বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত এবং এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. বাদল মোড়ল (৩৫) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও নুর ইসলাম মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়তির মাঠ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে। এতে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
নিহতের লাশ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।



