সিরাজদিখানে শিশুর রহস্যজনক মৃত্যু

শিশুটির বাবা রিফাত শেখ ঘরে গিয়ে মেয়েকে নিঃশ্বাসহীন অবস্থায় দেখতে পান।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan
নিহত শিশু আলিফার লাশের ময়নাতদন্ত করা হচ্ছে
নিহত শিশু আলিফার লাশের ময়নাতদন্ত করা হচ্ছে |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলিফা নামে দুই বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির দাদি সোনিয়া তাকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশেই পাট আনতে যান। এ সময় শিশুটির বাবা রিফাত শেখ ঘরে গিয়ে মেয়েকে নিঃশ্বাসহীন অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শিশুটির মা রীমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শিশুটির জন্মের কিছুদিন পর রীমা আক্তার স্বামীর বাড়ি ছেড়ে কুমিল্লায় বাবার বাড়িতে চলে যান। প্রায় তিন মাস আগে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন।

এদিকে, শিশুটির বাবা রিফাত শেখ তার মেয়ের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন জানান, বাচ্চাটির লাশ নিয়ে বিতর্ক থাকায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।