শিবচরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

ঘূর্ণিঝড়ের পর শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজখবর নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সড়কে ভেঙে পড়েছে গাছপালা
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সড়কে ভেঙে পড়েছে গাছপালা |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাস্তার দুই পাশের গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এছাড়া ঘরবাড়ি, বিদ্যুতের লাইনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে প্রায় সাত ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বুধবার (২৭ মে) সকাল থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী হওয়া ওই ঘূর্ণিঝড়ে শিবচর উপজেলার বহেরাতলা, বাঁশকান্দি, নিলখী, শিরুয়াইল, উমেদপুর, ভান্ডারীকা‌ন্দি, ভদ্রাসনসহ বিভিন্ন ইউনিয়নে গাছপালা ও ঘরবা‌ড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়ের সময় অনেক স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়কের ওপর, ফলে কয়েকটি এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়েছিল। বিদ্যুতের খুঁটি ও সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, আকস্মিক ওই ঘূর্ণিঝড়ে অনেকের টিনের ঘরের চালা উড়ে যায় এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছপালা ভেঙে পড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, ঘূর্ণিঝড়ের পর শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজখবর নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।