পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদণ্ড

পিরোজপুরে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
পিরোজপুর দায়রা জজ আদালত
পিরোজপুর দায়রা জজ আদালত |নয়া দিগন্ত

পিরোজপুরে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডিতরা হলেন পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মরহুম সেকেন্দোর আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমির মারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মরহুম খালেক শেখের ছেলে মো: মাহাবুব।

‎আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান ওই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি ফোরকান অনুপস্থিত ছিল। মামলায় ৮ আসামির পাঁচজন নির্দোষ প্রমাণিত হলে তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়।

‎আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার জেলার কুমির মারা গ্রামের মরহুম কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ওই গ্রামের ফেরিঘাটে নিজ চায়ের দোকানে কাজ শেষে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিল। আসামিরা কুমিরমারার স্লুইচ গেট এলাকায় জামালের পথ রোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে একটি ট্রলারে তুলে পিরোজপুরের হুলারহাট বাজারের খালের পাড়ে একটি গাছের সাথে ট্রলারটি বেঁধে রেখে পালিয়ে যায়। রাত ১টার দিকে ওই বাজারের নৈশ প্রহরী আনছার আলী ট্রলারে জামালকে আহত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পিরোজপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল জামালের মুত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার থানায় আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ ওই রায় দেন।

‎মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।