মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম বলেন, ‘শুধু লেখাপড়ায় ভালো করলেই হবে না, শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও ভালো মানুষ হতে হবে।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার শহীদ তিতুমীর অ্যাকাডেমি প্রাঙ্গনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও মেধাবৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল ইসলাম বলেন, ‘নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক পিএলসির মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: আমীর হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শহীদ তিতুমীর অ্যাকাডেমির সাবেক অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: আমির হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দারুল আমান ইসলামী ট্রাস্টের সদস্য মাওলানা কামরুল ইসলাম, ট্রাস্টের সদস্য মাওলানা নুরুল ইসলাম, দারুল আমান ইসলামী ট্রাস্টের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন, অ্যাকাডেমির সাবেক অধ্যক্ষ মো: সহিম উদ্দিন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও শহীদ তিতুমীর অ্যাকাডেমির কার্যকরী কমিটির সদস্য মো: শাহানুর ইসলাম ও কার্যকরী কমিটির সদস্য আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল আমান ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন। মো: হুমায়ুন কবিরের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন শহীদ তিতুমীর অ্যাকাডেমির অধ্যক্ষ মোহাম্মাদ জাকিরুল ইসলাম খান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেয়া, মেধাবীদের উৎসাহিত করা ও শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের আরো সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হতে উৎসাহিত করবে এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করবে।



