চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ঈদ যাত্রা সহজ করতে বিভাগীয় শহরগুলোতে ফ্রি বাস সার্ভিস চেয়ে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিনের কাছে স্মারকলিপি দেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো: ইসহাক ভূঁঞা।
মো: ইসহাক ভূঁঞা বলেন, ‘প্রতি বছর ঈদের এ সময়ে সাধারণ পরিবহনগুলোতে টিকিটের তীব্র সঙ্কট দেখা দেয় এবং যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে ছাত্রীদের এবং দূরদূরান্তের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত টিকিট পাওয়া এবং অতিরিক্ত ভাড়ার চাপ সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এছাড়া বর্তমান সময়ে যানজট ও পথে নানাবিধ ভোগান্তির আশঙ্কায় শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস দেয়ার দাবি জানিয়েছি। পাশাপাশি আগামী ২২ এবং ২৩ তারিখ শুক্রবার ও শনিবার ক্যাম্পাস থেকে শহরগামী বিকেল সাড়ে ৫টার বাস সচল ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি।’
এ সময় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান উপস্থিত ছিলেন।



