চামড়া সংরক্ষণে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেয়া হয়েছে: কৃষিমন্ত্রী

‘দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই বি-গ্রেডের হয়ে থাকে। পশুর শরীর থেকে চামড়া ছাড়ানোর সময় অসতর্কতার কারণে অনেক ক্ষেত্রে চামড়ার গুণগত মান নষ্ট হয়। এ বছর কতটুকু চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে—তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন |নয়া দিগন্ত

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই বি-গ্রেডের হয়ে থাকে। পশুর শরীর থেকে চামড়া ছাড়ানোর সময় অসতর্কতার কারণে অনেক ক্ষেত্রে চামড়ার গুণগত মান নষ্ট হয়। এ বছর কতটুকু চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে—তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে। এ লক্ষে ইতোমধ্যে ২০ থেকে ২২ হাজার মানুষকে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।’

সোমবার (২৫ মে) কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘কাঁচা চামড়া অত্যন্ত সংবেদনশীল পণ্য। সময়মতো ও সঠিক পরিমাণে লবণ ব্যবহার না করলে চামড়া দ্রুত নষ্ট হয়ে যায়। এই ব্যবস্থাপনা উন্নত করা গেলে ট্যানারি মালিকরাও বেশি দামে চামড়া কিনবেন। এছাড়া এবার কোরবানিকে ঘিরেও আমরা নানান পরিকল্পনা করেছি।’

তিনি আরো বলেন, ‘দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত। কৃষির উন্নয়ন ঘটলে মানুষের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘অতীতে কৃষকরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে একজন কৃষকের নামে ঋণ নিয়ে অন্যরা সেই সুবিধা ভোগ করেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে কৃষকদের বের করে আনতে কাজ করছে।’

এ সময় কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নিজাম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।