জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ পৌর এলাকার কামদেববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো: নুর নবী (৩৬) ওই এলাকার মরহুম সুরুজ শেখের ছেলে। অভিযুক্ত ছোট ভাই আলম (৩০) একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলম ধারালো ছুরি দিয়ে নুরের পেটে আঘাত করেন। এতে নুর গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



