বেড়িবাঁধের ২২টি মেহগনি গাছ কাটার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে অভিযোগের প্রেক্ষিতে তার দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে থানায় গাছ চুরির অভিযোগে মামলা করেন। মামলায় আঙ্গুর মিয়া নামে একজনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় বেড়িবাঁধের ১২টি মেহগনি গাছ কাটার অভিযোগ উল্লেখ করা হয়।
একই দিন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াতের পথ সুগম করতে তিনি এ কাজ করেছেন, যা দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থী।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ১৯৯৫-৯৬ অর্থবছরে বেড়িবাঁধটি নির্মাণ করা হয় এবং সে সময় সেখানে বহু গাছ রোপণ করা হয়। সম্প্রতি ওই বেড়িবাঁধের সড়কের মাঝামাঝি থাকা কয়েকটি গাছ কেটে ফেলা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।



