ঢাকার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর হাসান কলোনি এলাকায় বিএনপির পার্টি অফিসে ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্বাচনী ব্যানার নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য কিবরিয়া সরকার, তার ছেলে তৌহিদ সরকার, হায়দার, খোরশেদ আলমের ছেলে মোকসেদুর রহমান ও আলম পারভেজ বুলেট।
স্থানীয়রা জানায়, ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ব্যানার নিয়ে তার সমর্থক কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনী অফিস ও একটি চায়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তৌহিদ নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, নির্বাচনী প্রচারণার সময় ব্যানার ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে ভাঙচুর ও লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



