সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে সিরাজগঞ্জের তাড়াশে বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) তাড়াশ পৌর সদরের জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর।
চক্ষু শিবিরে এলাকার প্রায় ৯০০ জন বিভিন্ন চোখের রোগী চিকিৎসা নেন। এর মধ্যে এলাকার দরিদ্র ১২০ জন রোগীকে বিনামূল্যে লেন্স প্রতিস্থাপন এবং চোখের ছানি অস্ত্রপাচারের জন্য বগুড়ার জিইউকে চক্ষু হাসপাতালে নেয়া হয়।
ছানি রোগে আক্রান্ত আব্দুল লতিফ বলেন, মানবিক উদ্যোগের জন্য শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
শ্যারজাহ চ্যারিটেবল ট্রাস্টের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুফতি শরিফুল ইসলাম জানান, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস) দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ প্রদান, চশমা বিতরণ এবং ছানি অপারেশনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


