নাটোরের লালপুরে মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুর রশিদকে রাজকীয় বিদায় দিয়েছেন তার সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ মে) তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তিনি গড়ে তোলেন আদর্শ মানুষ। নির্মাণ করেন জাতির ভবিষ্যৎ কর্ণধার। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে আলো ছড়িয়ে অবশেষে বিদায় নিলেন মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মো: আব্দুর রশিদ।
বক্তারা আরো বলেন, আব্দুর রশিদ ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি শুধু শ্রেণিকক্ষেই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া মুহূর্ত ছিল বিদায়ের আয়োজন। প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষার্থী ও সহকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল ও শুভেচ্ছায় তাকে বিদায় জানান।
মাদরাসার সুপার এ এস এম মোকাররেবুর রহমান নাসিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনায়তন যেন স্মৃতিচারণের এক অনুভূতির মঞ্চে পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো: ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা মাধ্যমিকের অ্যাকাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহকারী শিক্ষক আব্দুল হামিদ রাজু, ফিরোজা খাতুন, সুলতান মাহমুদ, নাসিমা খাতুন, রোজিনা খাতুন ও শিক্ষার্থী সুমা আক্তার।



