পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষা বৃত্তি (নগদ) ও ছাগল বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে তিনটি বাইসাইকেল, দু’টি সেলাই মেশিন ও ৬০টি ছাগল বিতরণ করেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।
এর মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে তিন হাজার করে মোট ৩০ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছয়জন শিক্ষার্থীকে পাঁচ হাজার করে মোট ৩০ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির দু’জন শিক্ষার্থীকে সাত হাজার করে মোট ১৪ হাজার টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সকল ভোটারের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তাই সরকারি অনুদান ও সহায়তা প্রদানের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। একজন মানুষ যে দলেরই হোক না কেন, তিনি যদি সরকারি সহায়তার যোগ্য হন, তাহলে তাকে সেই সহায়তা পেতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে বাছাই করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আক্তার হোসেন, দেবীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: বিমল চন্দ্র, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন এবং অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
সরকারের এ উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।



