পটুয়াখালীর বাউফলের নাজিরপুরে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন, সড়ক সংস্কারের উদ্বোধন এবং ফুটবল বিতরণ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কর্মসূচির উদ্বোধন করেন।
প্রথমে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন এবং ভাঙনরোধে সরকারের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগেও আমরা নদীভাঙন রোধে কাজ করেছি। অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে কয়েক দফা বৈঠকের পর জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতেও নদীভাঙন প্রতিরোধে আরো কার্যকর পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে বর্তমান পানিসম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তিনি দ্রুত বাউফলের নদীভাঙন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন।’
পরিদর্শনের সময় স্থানীয়রা নিমদি লঞ্চঘাটের পুরোনো ও ঝুঁকিপূর্ণ পন্টুনের পরিবর্তে নতুন পন্টুন নির্মাণের দাবি জানালে এমপি তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
পরে নিমদি লঞ্চঘাট থেকে প্রধান সড়ক পর্যন্ত সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মাসুদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সড়কের কারণে মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। সংস্কার কাজ শেষ হলে সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে। জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের অগ্রাধিকার।’
এরপর নিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে এবং নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এক ডজন উন্নতমানের ফুটবল উপহার হিসেবে তুলে দেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘বিশ্বকাপের আবহে সারা দেশের মতো বাংলাদেশেও ফুটবল নিয়ে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। আমরা চাই, এখানকার শিশু-কিশোরদের মধ্য থেকেই ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হোক এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক।’
দিনের শেষ ভাগে ড. শফিকুল ইসলাম মাসুদ উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া বাজার অটোস্ট্যান্ড পরিদর্শন করেন। সেখানে অটোচালকদের সাথে মতবিনিময় করে একটি আধুনিক অটোস্ট্যান্ড নির্মাণের আশ্বাস দেন। একইসাথে কালাইয়া বাজারের প্রধান সড়ক সংস্কার কাজেরও উদ্বোধন করেন তিনি।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির রাসেল মাহমুদ, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান, পটুয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাহফুজ হোসাইন ও রাকিবুল ইসলাম নুর, ধানদি কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।



