ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মো: বিল্লাল হোসেন ভুঁইয়া (৫০) নামে একমি ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের নান্নু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ভূইয়া ময়মনসিংহের ভালুকা উপজেলার চাপরবাড়ি এলাকায় বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন। সোমবার দুপুরের দিকে তিনি মোটরসাইকেলযোগে গফরগাঁও থেকে ভালুকা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



