মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে গলা কেটে হত্যার চেষ্টা : আটক ১

ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়ের গলায় আঘাত করা হলে তারা গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় এক স্কুলছাত্রী ও তার মাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো: শান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ ‍জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় সৌদি আরব প্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) ও তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)। রিধি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়ের গলায় আঘাত করা হলে তারা গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো: শান্তকে গ্রেফতার করে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। আহত মা ও মেয়ের চিকিৎসা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।