মাদার ফিশারিজ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ইসিএ (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া) ভুক্ত এলাকায় প্রবেশের দায়ে ৬টি পর্যটকবাহী হাউসবোটকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, এ সময় ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণ করার অপরাধে ০৬টি হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সুনামগঞ্জের জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মো: সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউসবোট ও পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



