দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পটিয়া আল জামিয়া আল ইসলামিয়ার (জমিরিয়া কাশেমুল উলুম মাদরাসা) মহাপরিচালক, দেশের বরেণ্য প্রখ্যাত আলেমেদ্বীন ও শিক্ষাবিদ মাওলানা আবু তাহের নদভীর জানাজা আজ রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, রাত সাড়ে ১১টায় পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে, আজ সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
তার মৃত্যুতে পটিয়া মাদরাসার ছাত্র-শিক্ষক ছাড়াও দেশের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা আবু তাহের নদভী দীর্ঘদিন যাবত জামিয়া ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা করে আসছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি মাদরাসাটির মহাপরিচালক নিযুক্ত হন।
পটিয়া মাদরাসার মুহতামিম ছাড়াও তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি এবং পটিয়া মাদরাসার অধীনে পরিচালিত ইসলামী সম্মেলন সংস্থা এবং তাহফিজুল কোরআন সংস্থার তত্ত্বাবধায়ক ছিলেন। বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ
এ ছাড়াও তিনি মাসিক আত-তাওহীদের প্রধান সম্পাদক ছিলেন। তিনি একজন লেখক হিসেবেও পরিচিত ছিলেন। বাজারে তার বেশকিছু বইপত্র রয়েছে।



