সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর তীর থেকে ব্যাটারিচালিত অটোভ্যানচালক জাহের আলী আকন্দের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জাহের আলী উপজেলার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা নদীর তীরবর্তী ঝোপঝাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতের ছেলে বাবু জানান, সোমবার সন্ধ্যায় তার বাবা ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে লাশটি শনাক্ত করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।’
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



