নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় মুক্তার হোসেন (৬৭) নামে একজন অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের পুকন্দা গ্রামের মরহুম ইয়াদত প্রামানিকের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটোভ্যান যোগে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলো। এ সময় আব্দুলপুরের করিমপুর রেলগেট থেকে পুকন্দা গ্রামে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক পরিবহনকারী একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়ির সাথে ওই অটোভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হন বৃদ্ধ মুক্তার হোসেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা লাশটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় গ্রাম প্রধানের সাথে আলোচনা শেষে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।



