সারাদেশের মতো হবিগঞ্জ-৩ আসনেও উৎসবমুখর পরিবেশে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। ভোট দিতে এরই মধ্যে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে প্রায় প্রতিটি কেন্দ্রে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।
ভোট দিতে আসা কুতুবেরচক গ্রামের আবদুল আহাদ (৪২) বলেন, ‘অনেক দিন ভোট দিতে পারিনি। ভোট দেয়ার সুযোগ পেয়েছি। ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমার মা আমেনা খাতুনের বয়স ১১৫ বছর। তিনিও ভোট দিতে এসেছেন। আমার স্ত্রী ও ছোট বোন সবাই একসাথে ভোট দিতে এসেছি।’
শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরান বাজারের উবাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুর রাজ্জাক জানান, ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় দুই হাজার ৩০০ ভোটের মধ্যে ৩৮৪ ভোট পড়েছে। ভোট দেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন অনেকে। কেন্দ্রের ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন।
একই কেন্দ্রের নতুন ভোটার কুটির গ্রামের আব্দুস সাত্তার বলেন, ‘অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।’
সকাল সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, কয়েকশ নারী-পুরুষ কেন্দ্রের সামনে ভিড় করেছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।



