রূপগঞ্জে শিক্ষিকার ওপর হামলা ও শ্লীলতাহানী, মা-ছেলে গ্রেফতার

রোজবার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল একই স্কুলের শিক্ষিকা সুপ্তি রানীদের বাসায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে অর্জুন সরকার ও তার সহযোগীরা বটি, ছুরি ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
গ্রেফতার মা ও ছেলে
গ্রেফতার মা ও ছেলে |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে (৩৫) মারধর ও শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারাবো পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ওই এলাকার অর্জুন সরকারের স্ত্রী কনিকা উষা (৫২) ও তাদের ছেলে অমিত সরকার(২৪)।

পুলিশ জানায়, গত ৩ মে সন্ধ্যায় রোজবার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল একই স্কুলের শিক্ষিকা সুপ্তি রানীদের বাসায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে অর্জুন সরকার ও তার সহযোগীরা বটি, ছুরি ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা ব্যাপক মারধর ও শ্লীলতাহানী করে শিক্ষিকার গলার এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

একপর্যায়ে জান্নাতুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে শিক্ষিকা জান্নাতুল অমিত, অর্জুন, কনিকা, বিথী সরকার (২০) ও পূজা রানীকে (১৮) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।’