আনোয়ারায় দোকান বসানো নিয়ে সংঘর্ষে এনসিপি নেতাসহ আহত ৭

মার্কেটের সামনে দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এনসিপি নেতাসহ সাতজন আহত হয়েছেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারা থানা
আনোয়ারা থানা |ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের সামনে দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ সাতজন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ব্যবসায়ী মো: সুমন (৪৫), আব্দুর রহিম (৩৫), ইকবাল কবির (৫০), সাইফুদ্দিন (৩০), শহিদ (৪০), আলী হোসেন (৩৫) ও আজগর (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাতরী চৌমুহনী বাজারের এআলী শপিং কমপ্লেক্সে চলাচলের রাস্তায় দোকান নির্মাণের উদ্যোগ নেয়া হলে মার্কেটের ব্যবসায়ীরা এতে বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে বিকেলে ইজারাদার পক্ষের লোকজন ঘটনাস্থলে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মার্কেটের ব্যবসায়ী আলী আহমেদের অভিযোগ, দুপুর ২টার দিকে যুবদল নেতা নয়নের নেতৃত্বে কয়েকজন মার্কেটের চলাচলের রাস্তার ওপর দোকান নির্মাণের চেষ্টা করেন। ব্যবসায়ীরা বাধা দিলে তারা চলে যান। পরে বিকেল ৫টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাকির আহমেদ ও যুবদল নেতা আজম খানের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে এসে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে সাত থেকে আটজন আহত হন বলে দাবি করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাজারের ইজারাদার জাকির আহমেদ বলেন, ‘বাজারের খালি জায়গায় তার দলের কয়েকজন কর্মী দোকান বসানোর চেষ্টা করেছিলেন। ব্যবসায়ীরা তাদের দোকানপাট ভেঙে দিলে ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।’

আহত আনোয়ারা উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেন জানান, তিনি ঘটনাস্থল থেকে অনেক দূরে আবুল হোসেন মার্কেট এলাকায় বসেছিলেন। এ সময় অতর্কিতভাবে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে বলে দাবি করেন তিনি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আহত চারজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় ঘটনাটি এনসিপি ও বিএনপির মধ্যে সংঘর্ষ হিসেবে ছড়িয়ে পড়েছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে এটি মূলত মার্কেটের ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’