কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে আট মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার মাদকসেবীরা হলেন- কুমিল্লা নগরীর শুভপুর এলাকার মদন সাহার ছেলে ইমন সাহা (২৫), ধননঞ্জয় এলাকার জীবন চন্দ্র শীলের ছেলে জয় চন্দ্র শীল (২৫), চকবাজার এলাকার মৃত রিঞ্জন চক্রবর্তীর ছেলে লিটন চক্রবর্তী (৪০), ভাটপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে আল আমিন (২৫), কোতয়ালী মডেল থানার ভাটপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে রায়হান কবির রাব্বি (৩৩), বুড়িচং উপজেলার ছোট হরিপুর এলাকার জাহের মিয়ার ছেলে মো: ইউসুফ (৩০), শিমপুর এলাকার আব্দুল মতিনের ছেলে রাকিব (২৩) ও কোতয়ালী মডেল থানার ভূবনঘর বিষ্ণপুর এলাকার আলী হোসাইনের ছেলে তাসরিফ হাসান লিয়ান (২৩)।
পরে তাদেরকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক লিখিত মতামত প্রদান করেন। এরপর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে কুমিল্লা-বাগড়া সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মাদক সেবনের অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন বা মাদক কারবারে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।



