নিকলী এসিল্যান্ডের অনিয়ম প্রকাশ

নয়া দিগন্তের বাজিতপুর সংবাদদাতাকে আটক

জেলার নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড প্রতীক দত্তের নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় তাকে ঠুনকো অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Nikli
আলী জামসেদ
আলী জামসেদ |নয়া দিগন্ত

পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে কিশোরগঞ্জের বাজিতপুর সংবাদদাতা আলী জামসেদকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে নিকলীর হাসপাতাল মোড়ে একটি দোকানে বসে থাকা অবস্থায় আলী জামসেদকে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

জেলার নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড প্রতীক দত্তের নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় তাকে ঠুনকো অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা।

জানা যায়, গত কিছুদিন ধরে এসিল্যান্ড প্রতীক দত্তের কিছু অনিয়ম নিয়ে সাংবাদিক আলী জামসেদসহ আরো কয়েক সাংবাদিক কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করে আসছিলেন। বৃহস্পতিবার জাতীয় নয়া দিগন্ত পত্রিকায় এক মুক্তিযোদ্ধার নাতি রিকশাচালককে মারধর করেছেন এবং ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয় খাস জমি থেকে উচ্ছেদে নোটিশ দিয়েছেন এ মর্মে এসিল্যন্ড প্রতীক দত্তের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এতে প্রতীক দত্ত ক্ষিপ্ত হোন।

স্থানীয় সাংবাদিকরা জানান, এর আগেও প্রতীক দত্তের দুর্নীতি নিয়ে খবর প্রকাশ হয়েছে। সেই আক্রোশ থেকেই আজ বৃহস্পতিবার দুপুর একটার সময় স্থানীয় হাসপাতাল মোড়ে একটি দোকানে বসে থাকা অবস্থায় আলী জামসেদকে আটক করেন প্রতিক দত্ত।

প্রতীক দত্ত নয়া দিগন্তকে বলেন, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকে আটক করে কোর্টে চালান দেয়া হয়েছে। তবে স্থানীয়রা জানায়, আলী জামসেদকে আটকের উদ্দেশ্যেই সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন প্রতীক দত্ত। এছাড়া তাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ও নিকলী থানা পুলিশের সাথে অশোভন আচরণ দেখিয়ে আলী জামসেদকে কোর্টে চালান দেয়া হয়েছে।

এর আগেও দুর্নীতির খবর প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের হেনস্তা করেন প্রতীক দত্ত। জবাবদিহি পত্রিকার সাংবাদিক আলমগীর হোসেন অভিযোগ করেন, তাকে বিভিন্ন মাধ্যম দিয়ে ভীতি প্রদর্শন করেন প্রতীক দত্ত। একই রকম অভিযোগ করেছেন রুপালী বাংলাদেশ পত্রিকার নিকলী প্রতিনিধিসহ কয়েক সাংবাদিক।

নিকলীতে কর্মরত সাংবাদিকরা জানিয়েছেন, আলী জামসেদ দীর্ঘদিন ধরে অত্যন্ত সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছেন। সংবাদ প্রকাশের জেরে এভাবে একজন সংবাদকর্মীকে হেনস্তা করা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। তারা অবিলম্বে আলী জামসেদের নিঃশর্ত মুক্তি এবং এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন।