আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ময়মনসিংহ ১১টি সংসদীয় আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে এসে বুথের সামনে লাইনে দাঁড়িয়েছেন। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
দীর্ঘদিন পর অংশগ্রহনমূলক এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি রীতিমতো চোখের পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে নারী ও পুরুষ ভোটারের লাইন দীর্ঘ হচ্ছে। নতুন ভোটারদের উপস্থিতি সবারই নজর কেড়েছে।
জেলায় ৫৮৩টি ঝুকিপুর্ণ কেন্দ্রের মধ্যে ১০৮টি অধিক ঝুকিপুর্ণ বলে প্রশাসন চিহ্নিত করেছে। তবে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত জেলায় কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
এবারের নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রে ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ২৪ লাখ ৬ হাজার ৮৯২ জন ও নারী ২৩ লাখ ৫৭ হাজার ১৬৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪১ জন।
এই জেলায় নতুন ভোটার হয়েছেন ২ লাখ ৫৩ হাজার।
ময়মনসিংহের ১১টি আসনে ৩ হাজার ২১৭ জন পুলিশসহ প্রতিটি আসনে চার স্তরের নিরাপত্তাসহ প্রত্যেক কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ ও দু’জন অস্ত্রধারীসহ ১২ থেকে ১৬ জন আনসার থাকবে। ৪ প্লাটুন বিজিবি সদস্যসহ সীমান্তবর্তী দুই উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন থাকবে। ১১৩টি মোবাইল টিম এবং ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও সেনাবাহিনীর ৩০টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। র্যাব সদস্যরা পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবেন।



