ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলো চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) ও তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। আহত শিক্ষার্থীর নাম রাহীম (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ও আহত তিনজনই বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী। বিকেলে খেলাধুলা শেষে তারা মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামতেই এ তিন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাহীমকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো: মোস্তফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে পুকুরের পানি বিদ্যুতায়িত ছিল। সেই অবস্থায় পানিতে নামায় ওই তিন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



