অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না : সমাজকল্যাণমন্ত্রী

‘আমরা একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল নবাবগঞ্জ গড়ে তুলতে চাই। এটি কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়, জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।’

মো: ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন |নয়া দিগন্ত

সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না। বর্তমান সরকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঢাকা, রংপুর, দিনাজপুর কিংবা নিজ এলাকায় যেখানেই প্রয়োজন হোক, চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।’

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে বিশেষ অনুদানের চেক, ত্রাণসামগ্রী ও জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল নবাবগঞ্জ গড়ে তুলতে চাই। এটি কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়, জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও অপরাধীদের বিষয়ে সঠিক তথ্য প্রশাসনকে জানাতে হবে। সমাজের ৯৯ শতাংশ মানুষ ভালো, একজন অপরাধীর কারণে পুরো সমাজের বদনাম হতে দেয়া যাবে না।’

অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলা পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

এছাড়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও জিআর চাল এবং দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা নারীবিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।