জীবননগর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৫ জনকে পুশইন

জীবননগর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন করা ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
জীবননগর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৫ জনকে পুশইন করেছে বিএসএফ
জীবননগর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৫ জনকে পুশইন করেছে বিএসএফ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিক ও চার বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তে দিয়ে পুশইনের পর তারা বাংলাদেশে প্রবেশে করে। পরে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সীমান্ত পারাপারে বেনীপুর এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তি সহায়তা করেছে বলে স্থানীয়দের মাধ্যমে অভিযোগ উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কিভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন- তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, এ বিষয়ে তিনি এখন পর্যন্ত অবগত নন। তবে তিনি খোঁজ নিচ্ছেন।