রাজশাহীতে চারজনের লাশ উদ্ধার

অপমৃত্যু ও হত্যার অভিযোগে বাবা-শাশুড়ির পৃথক মামলা

শুক্রবার (১৫ আগস্ট) রাতে নগরীর মতিহার থানায় অপমৃত্যু ও হত্যার অভিযোগে মামলা দু’টি দায়ের করা হয়।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের খবর শুনে ভিড় করেন এলাকার লোকজন
রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের খবর শুনে ভিড় করেন এলাকার লোকজন |সংগৃহীত

রাজশাহীতে মা-বাবা ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনের লাশ ও চিরকুট উদ্ধারের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে নগরীর মতিহার থানায় অপমৃত্যু ও হত্যার অভিযোগে মামলা দু’টি দায়ের করা হয়।

এর মধ্যে অপমৃত্যুর মামলাটি দায়ের করেন নিহত মিনারুল ইসলামের বাবা রুস্তম আলী। আর হত্যা মামলা করেছেন মিনারুলের শাশুড়ি শিউলি বেগম।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, ওই ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। এর মধ্যে একটি অপমৃত্যু ও অপরটি হত্যা মামলা। অপমৃত্যু মামলা করেছেন মিনারুলের বাবা রুস্তম আলী। আর হত্যা মামলা করেছেন মিনারুলের শাশুড়ি। মামলা দু’টিতে কাউকে আসামি করা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, শুক্রবার দুপুরে লাশগুলো উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে নেয়া হয়। আজ শনিবার ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিনারুল আগে থেকেই ঋণগ্রস্ত ছিলেন। বছর তিনেক আগে পাঁচ কাঠা জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা ঋণ পরিশোধ করেছিলেন। পরে আবার কিস্তি নিয়েছিলেন মিনারুল। তিনি জুয়া খেলতেন। এ কারণে ঋণ হতো তার। উদ্ধার করা দু’টি চিরকুটের একটিতে মিনারুল ঋণের দায়ে আর খাওয়ার অভাবে মরে গেলেন বলে উল্লেখ করেন। তবে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন দু’টি চিরকুটই মিনারুলের নিজ হাতে লেখা।

উল্লেখ্য, এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পরিবারের তিনজনকে হত্যার পর গৃহকর্তা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। লাশের পাশে থাকা দুই পৃষ্ঠার দুটি চিরকুটও উদ্ধার করা হয়।