এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এলাকার উন্নয়ন ও আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য শাপলা কলি মার্কায় ভোট দিন। শাপলা কলি মানেই দাঁড়িপাল্লা, আর দাঁড়িপাল্লা মানেই শাপলা কলি।
আজ দিনাজপুরের পার্বতীপুরে দিনাজপুর-৫ আসনের শাপলা কলি প্রতীকের এমপি প্রার্থী ডা: আব্দুল আহাদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, পার্বতীপুর-ফুলবাড়ি একটি খনি এলাকা। এখানকার খনি শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পাচ্ছেন না। বছরের পর বছর, যুগের পর যুগ তারা অবহেলিত হয়ে আসছেন। ১১ দলীয় জোট বিজয় হলে এই এলাকার ভাগ্য উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হবে।
তিনি বলেন, ভোট প্রার্থীর কাছে নেই, ভোট আছে ভোটারদের কাছে। তাই সব ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে।
তিনি এনসিপি প্রার্থী ডা: আব্দুল আহাদসহ ১১ দলীয় জোটের সকল প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মনিরা শারমিন, মো: তরিকুল ইসলাম, আবু সাঈদ লিয়ন প্রমুখ।
এছাড়া এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর থানা আমির মো: ইউসুফ আলী ও ফুলবাড়ী থানা আমির মো: হাবিবুর রহমান আমীর বক্তব্য রাখেন।



