ঢাকা বিভাগীয় কমিশনার

সরকারের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, সোনারগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস না যেতেই দেশে বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।’

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
ঢাকা বিভাগীয় কমিশনার
ঢাকা বিভাগীয় কমিশনার |নয়া দিগন্ত

ঢাকা বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিয়া বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস না যেতেই দেশে বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।’

তিনি বলেন, ‘জনগণের মৌলিক অধিকার ও নাগরিক দুর্ভোগ দূর করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সাধারণ মানুষ জলাবদ্ধতা ও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন সরকারি দফতর ও চলমান উন্নয়নমূলক দৃশ্যমান কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় উপজেলার সাদিপুর ও জামপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের পানিবন্দী থাকার দুর্ভোগের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীব বিভাগীয় কমিশনারের কাছে তুলে ধরেন। সাধারণ মানুষের এই চরম দুর্ভোগের কথা শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে এলাকাটি পরিদর্শন করেন এবং দ্রুত এই জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শনকালে তিনি সাদিপুর ইউনিয়নের পাশের একটি পানি নিষ্কাশন পাইপ ড্রেনের উদ্বোধন করেন।

বিভাগীয় কমিশনার বলেন, ‘উপজেলার সাদিপুর ও জামপুরের মানুষের এই দুর্ভোগ দীর্ঘস্থায়ী হতে দেয়া যাবে না। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের মাধ্যমে এই এলাকার মানুষকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে।’

কমিশনার আরো বলেন, ‘সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগণের কাছে প্রশাসনিক সেবা আরো কার্যকরভাবে পৌঁছে দিতে এ ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় সোনারগাঁওয়ের উন্নয়নের ধারা আরো গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব সোনারগাঁও।’

বিভাগীয় কমিশনার পরে সোনারগাঁও উপজেলা পরিষদের এক মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিন্নাতসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।