রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের বাইরে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা কথা কাটাকাটি ও হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার সময় স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম নওপাড়া ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, স্বতন্ত্র প্রার্থীর এক অনুসারী রাবেয়া বেগমকে সাথে নিয়ে তার ছেলে শিফাত ভোট দিতে কেন্দ্রে প্রবেশের সময় বাধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইমরান আলী অভিযোগ করে বলেন, সকাল থেকেই ধানের শীষের প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে শিফাতসহ কয়েকজনকে মারধর করে কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম নয়াদিগন্তকে বলেন, ‘এখনো পর্যন্ত নির্বাচন ভালোভাবে হচ্ছে। তবে নওপাড়া কেন্দ্র থেকে আমার একজন অনুসারীকে বের করে দেয়া হয়েছে।’
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা ইয়াসিন আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নওপাড়া কেন্দ্রে সকালে ফুটবল প্রতীকের সমর্থক ১০–১২ জনের বিরুদ্ধে উল্টো নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ চলমান আছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে।
এ ছাড়া বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ব্যারিস্টার রেজাউল করিম এবং ঘোড়া প্রতীক নিয়ে শিল্পপতি ইসফা খায়রুল হক শিমুল নির্বাচনে অংশ নিচ্ছেন।



