সারা দেশের হরিজন সম্প্রদায়ের ৮টি দল নিয়ে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) শহরের রাসুলপুর এলাকার রেলওয়ে ফিদা আলী মিলনায়তন সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
সৈয়দপুরের রাসুলপুর একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে আয়োজক দলসহ বগুড়া, ঠাকুরগাঁওয়ের সিওটাবাড়ী, জয়পুরহাট, রংপুর, গাজীপুর, যশোরের দর্শনা ও দিনাজপুরের ভবানীপুর হরিজন পল্লীর দল। ফাইনালে অংশ নেয় গাজীপুর ও জয়পুরহাট দল।
ফাইনাল খেলা উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন আকতার শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়া, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবিদ হোসেন লাড্ডান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, সাবেক ফুটবল খেলোয়াড় ও পৌর কনজারভেন্সি পরিদর্শক মো: মজিদ, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা বেগম, সৈয়দপুর শহরের নামকরা খাবারের প্রতিষ্ঠান তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেলের মালিক আতিয়ার রহমান ও সাংবাদিক মো. জাকির হোসেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল খিয়াপাড়া আলিম মাদরাসার ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক শরীফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক দল একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রী রুবেল বাঁশফোর ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বাঁশফোর।
সন্ধ্যা পর্যন্ত চলে ফাইনাল খেলা। এতে ৪ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় গাজীপুর দল আর রানার্সআপ জয়পুরহাট করে ২ গোল। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও পুরো টুর্নামেন্টের কৃতিত্বপূর্ণ খেলোয়াড়দেরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।



