কক্সবাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষণা

উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, বিএনপিসহ যে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে মামলা করা হবে। আজ থেকে ঈদগাঁও উপজেলাকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করা হলো।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon
আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে
আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে |নয়া দিগন্ত

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের ঈদগাঁওয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপি আয়োজিত আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপজেলা সভাপতি আবুল কালামসহ বিএনপি নেতারা এ ঘোষণা দেন।

উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, বিএনপিসহ যে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে মামলা করা হবে। আজ থেকে ঈদগাঁও উপজেলাকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করা হলো।

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে দেশে মব কালচারসহ যে নৈরাজ্যকর পরিস্থিতি ছিল তা অনেকটা হ্রাস পেয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা, চাঁদাবাজি, অবৈধভাবে মাটি কাটা, পাহাড় কাটাসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে লুৎফুর রহমান কাজল এমপি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। উপজেলাবাসী ইতোমধ্যে তার ঘোষণার সুফল ভোগ করছেন ।

বক্তারা বলেন, আইন শৃঙ্খলার ব্যপারে আপনাদের তির্যক দৃষ্টি থাকলেও চাঁদাবাজির বিষয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। কারণ এমপি নির্বাচিত হওয়ার পরপরই লুৎফুর রহমান কাজল মাইকে ঘোষণা দিয়ে জনগণকে কোনো প্রকার চাঁদা না দেয়ার আহ্বান জানান এবং মাঠ পর্যায়ে সেটা কার্যকরও করেন।

সবার সহযোগিতায় চাঁদাবাজির মত ঘৃণিত কাজ বন্ধ হয়ে গেছে দাবি করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর বলেন, কেউ যদি এসব কাজে জড়িত থাকে তার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। যদি সে দলীয় লোকও হয় কোনো প্রকার ছাড় নেই। এতে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ঈদগাঁও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোকতার আহমদ, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাবেক মেম্বার জিয়াউল হক, উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবু হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।