মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক স্ত্রীকে সাথে নিয়ে আসতে গিয়ে শ্বশুরবাড়িতে বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে চিকিৎসার জন্য জামালপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন (২৫) উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের জোড়খালী মোসলেমাবাদ এলাকার বাসিন্দা ভুট্টুর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বিদেশে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল চর সনচোর মোড় এলাকার বাসিন্দা দুলাল উদ্দিনের মেয়ে সিমা আক্তার (১৯)-কে বিয়ে করেন মামুন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন।
শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে মাদারগঞ্জের হাওয়াই রোড এলাকায় ঘোরাঘুরির পর তাকে নিয়ে নিজ বাড়িতে ফিরতে চাইলে মেয়ের পরিবারের সদস্যরা আপত্তি জানান। পরে মামুন শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে সাথে নেয়ার অনুরোধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি বিষপান করেন বলে দাবি করেছেন স্বজনরা।
গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর বিদেশে থাকাকালে তার ভাই উপার্জনের প্রায় সব অর্থই স্ত্রীকে পাঠিয়েছেন। দেশে ফেরার পর থেকে মেয়ের পরিবারের সদস্যরা সিমা আক্তারকে মামুনের কাছে যেতে দিচ্ছিলেন না।
সর্বশেষ বৃহস্পতিবার তারা জানিয়ে দেন, এই বিয়ে তারা আর মেনে নেবেন না। পরে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সাথে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও মেয়ের পরিবার বিয়ে অস্বীকার করে। তার দাবি, এরপরই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘নিহতের বাড়ি মাদারগঞ্জে হলেও ঘটনাটি ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকায়। ছেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মেয়ের পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বিষপান করিয়েছে। তবে অভিযোগটির সত্যতা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের স্বজনরা মাদারগঞ্জ থানায় অভিযোগ দিতে এলেও ঘটনাস্থল সারিয়াকান্দি থানার অধীন হওয়ায় তাদের সেখানে অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।



