রাজবাড়ী সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ মামলার আসামি মশিউর রহমান মিঠুন ওরফে মিথুন মোল্লা (২৮) নামে এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতার হওয়া মিঠুন রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা (আম বাবু মসজিদ সংলগ্ন) এলাকার বাসিন্দা রহমত মোল্লার ছেলে।
শনিবার (২৫ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় ও এসআই (নি:) মো: সাব্বির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার মশিউর রহমান মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ বিভিন্ন ধারায় মোট ১৯টি মামলা রয়েছে। মিঠুন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রাজবাড়ী জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।



