চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৮ম শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু

সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ে এবং জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rajshahi
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে উপজেলার বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) ও কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)।

দুজনেই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ে এবং জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এক চাচার সাথে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের অন্যদের আগে নদীতে নেমে পড়ে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে সাথে সাথে স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়।

পরে দুই কিশোরকে নদী থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সূত্র : বাসস