বগুড়ায় একাধিক মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

দুপুর দেড়টার দিকে জিইউকে চক্ষু হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রকি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
নিহত রকি মাহমুদ
নিহত রকি মাহমুদ |নয়া দিগন্ত

বগুড়ার শাহাজাহানপুরে রকি মাহমুদ (২৬) নামে একাধিক মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বনানী গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি হাতুড়ি ও দু’টি রামদা উদ্ধার করেছে।

নিহত রকি মাহমুদ শাজাহানপুর থানার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন। এছাড়া তিনি অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে জিইউকে চক্ষু হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রকি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে, কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, রকি এলাকার মানুষকে জিম্মি করে বাড়ি নির্মাণ কাজে জোর করে ইট-বালু সরবরাহ করতো। এছাড়াও সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে জড়িত ছিল।

নিহত রকির বাবা বেলাল হোসেন বলেন, কয়েকজন যুবক তাকে ডেকে এনে খুন করেছে। তবে কী কারণে রকি খুন হলো সে বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু বলতে পারেননি।

সদর থানার কৈগাড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকি অস্ত্র, মাদক, ছিনতাই, ছুরিকাঘাতসহ একাধিক মামলার আসামি। দেড় মাস আগে জেল থেকে জামিনে মুক্ত হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, রকিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা থাকতে পারে এবং রকির পরিচিতরাই জড়িত।