ভাঙ্গায় নিহত সুমনের বাড়িতে এমপি বাবুল, সুষ্ঠু বিচারের আশ্বাস

‘সুমন হত্যার বিচার প্রক্রিয়ায় কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না এবং কাউকে তা করতে দেয়া হবে না। এই হত্যাকাণ্ডের সাথে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
গুলিতে নিহত যুবক সুমনের বাড়িতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল
গুলিতে নিহত যুবক সুমনের বাড়িতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গুলিতে নিহত যুবক সুমনের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সুমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এমপি বাবুল নিহত সুমনের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় স্বজন ও এলাকাবাসী সুমন হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘সুমন হত্যার বিচার প্রক্রিয়ায় কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না এবং কাউকে তা করতে দেয়া হবে না। এই হত্যাকাণ্ডের সাথে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।