অতিবৃষ্টি ও বন্যার পানিতে কৃষকের মাঠের ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ঝালকাঠি জেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয় তরুণ সংঘ’ কৃষকদের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের মাঠের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করছেন।
শুক্রবার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি যুবরাজ দাস বলেন, ‘বন্যা ও টানা বৃষ্টির কারণে কৃষকদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই আমরা প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা আমাদের সাধ্য অনুযায়ী কৃষকদের সহযোগিতা করার চেষ্টা করছি।’
সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, ‘বৃষ্টির পানিতে কৃষকদের ধান পচে যাচ্ছে। জনবল সংকটের কারণে তারা সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না, ফলে অনেক ফসল নষ্ট হচ্ছে। আমরা সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাই—নিজ নিজ অবস্থান থেকে কৃষকদের পাশে দাঁড়ান।’
কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী বলেন, ‘কৃষকরা বর্তমানে যে ক্ষতির মুখে পড়েছেন, তা থেকে উত্তরণ পাওয়া খুব কঠিন। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের ধান কেটে দিচ্ছি।’
সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত বলেন, ‘কৃষকরা আমাদের দেশের মূল চালিকাশক্তি। তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।’
স্থানীয় কৃষক মাসুদ মৃধা বলেন, ‘আমার ১৭ কাঠা জমির ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। ধান কাটার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছিল না। এই কঠিন সময়ে প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা আমাদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছেন। তাদের পাশে পেয়ে আমাদের অনেক কষ্ট লাঘব হয়েছে। এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যদি কৃষকদের পাশে দাঁড়ায়, তবে অনেক কৃষকই তাদের ফসল রক্ষা করতে পারবেন।’
মানবতার সেবায় এবং কৃষকদের পাশে থাকতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা।



