নড়াইলে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় শামীমা আক্তার সেতু (১৪) নামে স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয় নিহতের ছোট বোন মিতু (১২)।
রোববার (৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীমা অষ্টম শ্রেণি এবং আহত মিতু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা স্থানীয় বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রোববার রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ে। এরপর রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুলে নলদী এলাকার খালপাড়ের সরু রাস্তায় ঢুকে পড়ে। ট্রাকটি হাফিজুল মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বসতঘরের ওপর আচড়ে পড়ে। এসময় ট্রাকের পাথরগুলো সেতু ও মিতুর গায়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। মিতুকে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা দেয়ার পর বাড়িতে নিয়ে আসা হয়েছে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যান।



