টঙ্গীবাড়ীতে টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০০ কিশোর

এ ধরনের উদ্যোগ কিশোরদের ধর্মীয় অনুশাসন ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
টানা ৪০ ‍দিন জামায়াতে নামাজ পড়ায় কিশোরকে সাইকেল পুরস্কার দেয়া হচ্ছে
টানা ৪০ ‍দিন জামায়াতে নামাজ পড়ায় কিশোরকে সাইকেল পুরস্কার দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় টানা ৪০ দিন জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নামাজমুখী করা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে নেয়া এ উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে ও পশ্চিম সোনারং প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় বুধবার (১৮ মার্চ) বাদ জোহর সোনারং পুরাতন জামে মসজিদে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, নির্ধারিত ৪০ দিন নিয়মিতভাবে মসজিদে উপস্থিত থেকে জামায়াতে নামাজ আদায় করা কিশোরদের তালিকা প্রণয়ন করা হয়। পরে তাদের উৎসাহিত করতে এ পুরস্কার দেয়া হয়। কর্মসূচিতে অংশ নেয়া ৩০০ কিশোরের মধ্যে ১৪ জনকে বাইসাইকেল এবং অন্যদের মাঝে ডিনার সেটসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর পোদ্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, অভিভাবক ও স্থানীয়রা।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরদের ধর্মীয় অনুশাসন ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।