লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দু’জন নিহতের ঘটনায় আটক ৪

এখন পর্যন্ত এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। একইসাথে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় নিহত দুই ও আটক চার
চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় নিহত দুই ও আটক চার |নয়া দিগন্ত গ্রাফিক্স

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দু’জন নিহতের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, এখন পর্যন্ত এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। একইসাথে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, আজ (বুধবার) ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিক এলাকায় ওই গণপিটুনির ঘটনা ঘটে। এরপর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই যুবক মারা যান।

নিহত দু’জন হচ্ছেন— হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দা বেদে পল্লীর মো: শহিদুলের ছেলে ছানারুল (৩০) ও ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাত প্রায় ৩টার দিকে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দু’জনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় স্থানীয় লোকজন ও থানা পুলিশ সকালে আহত ওই দু’জনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একপর্যায়ে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।