চাঁদপুরের মতলব উত্তরে শুক্রবার (৫ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দলীয় নেতারা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে এবং জনগণের কাছে দলের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা সম্ভব হবে।
শুক্রবার বিকেলে উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
এনসিপির মতলব উত্তর উপজেলার সদস্য সচিব মো: ইমদাদুল ইসলাম বলেন, ‘শুক্রবার পবিত্র জুমার দিন আমরা ইমাম ময়দান নূরীয়া মাদরাসা মসজিদে জুমার নামাজ আদায় করবে।’
তিনি বলেন, ‘জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেবেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।’
তিনি আরো বলেন, ‘জনসভায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়েও বক্তব্য রাখবেন অতিথিরা।’
জানা গেছে, জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভাস্থলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা ও আগত নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় আয়োজন করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সভায় যোগ দেয়ার প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয় নেতারা জানান, মতলব উত্তর অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে।
এদিকে জনসভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানের দিকে নজর রাখছেন। আয়োজকদের প্রত্যাশা, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে এবং দলের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।



